নিজস্ব প্রতিনিধি: কাঁঠালতলীর বহুল আলোচিত সমীর দাস হত্যা মামলার অন্যতম অভিযুক্ত স্বপন সূত্রধরকে বুধবার আদালতে তোলাকে কেন্দ্র করে আদালত চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিযুক্তকে আদালতে আনার খবর ছড়িয়ে পড়তেই নিহত সমীর দাসের পরিবারের সদস্যরা এবং স্থানীয় মহিলারা ব্যাপক সংখ্যায় আদালত চত্বরে জড়ো হন।
এ সময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন। আদালত প্রাঙ্গণে তারা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও মামলার দ্রুত নিষ্পত্তি না হওয়ায় ক্ষোভ উগরে দেন নিহতের পরিবারের সদস্যরাও।
মহিলাদের আকস্মিক বিক্ষোভের জেরে আদালত চত্বরে কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। পরে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করে কয়েকজন আন্দোলনকারী মহিলাকে সরিয়ে দেন এবং আদালত চত্বরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনেন।
ঘটনাকে কেন্দ্র করে আদালত এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে, নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা মামলার দ্রুত নিষ্পত্তি এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন।
