সরস্বতী পূজার দিন কৈলাসহরে রণক্ষেত্র, দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত বিজেপি নেতা

1 Min Read

নিউজ ডেস্ক || সরস্বতী পূজার বিকেলে ত্রিপুরার কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র কাতাল দীঘিরপার এলাকা উত্তপ্ত হয়ে উঠল। দুই গোষ্ঠীর মধ্যে হঠাৎ সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। এতে গুরুতর আহত হন ভারতীয় জনতা পার্টির কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ। পাশাপাশি যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধরের বাড়িতে ভাঙচুর চালানো হয়। শাসকদলের অঘোষিত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শূন্যে গুলি চালায় এবং লাঠিচার্জ করে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর, মহকুমা আধিকারিক রাহুল এ, কৈলাসহর থানার ওসি তাপস মালাকারসহ বিশাল পুলিশ বাহিনী, এসআরপি ও কেন্দ্রীয় বাহিনী।

প্রীতম ঘোষ অভিযোগ করেন, প্রায় ১৬ জন মুসলিম যুবক দা-লাঠি নিয়ে উত্তেজনা সৃষ্টি করছিলেন। পূজার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গেলে তাঁদের উপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। তিনি দাবি করেন, দুষ্কৃতকারীরা বাংলাদেশের মতো ভয়ংকর পরিবেশ তৈরির চেষ্টা করছে; এর বিরুদ্ধে সকলে একত্রিত হয়ে লড়াই করতে হবে।

মহকুমা পুলিশ আধিকারিক রাহুল এ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কড়া নজরদারি চলছে। গোটা এলাকা এখনও থমথমে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version