সর্দার প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে শুরু ‘সর্দার@১৫০ ইউনিটি মার্চ’ – করমসাদ থেকে স্ট্যাচু অফ ইউনিটি অভিমুখে ১৯০ কিমি ঐক্যের পদযাত্রা

2 Min Read

এক ভারত, আত্মনির্ভর ভারত – সর্দারের স্বপ্নে রঙিন যুব ভারত!

নিউজ ডেস্ক || সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে বুধবার গুজরাটের আনন্দ জেলার বল্লভ বিদ্যানগরের করমসাদে সর্দার প্যাটেলের পৈতৃক বাড়ি থেকে শুরু হল বহু প্রতীক্ষিত ‘সর্দার@১৫০ ইউনিটি মার্চ’। এই জাতীয় পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
আগামী ১১ দিনে প্রায় ১৯০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পদযাত্রী দল ৬ ডিসেম্বর স্ট্যাচু অফ ইউনিটিতে পৌঁছবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হাজারো যুবক-যুবতীকে স্বদেশী শপথবাক্য পাঠ করানো হয় এবং ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য ব্যবহারের অঙ্গীকার নেওয়া হয়।
উদ্বোধনী ভাষণে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, “সর্দার বল্লভভাই প্যাটেল যে এক ও দৃঢ় ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই এই পদযাত্রা। দেশের যুবসমাজের মধ্যে দেশভক্তি ও জাতীয় ঐক্যের চেতনা জাগ্রত করাই এর মূল উদ্দেশ্য।” তিনি আরও জানান, ত্রিপুরাতেও প্রতিটি জেলায় উৎসাহ-উদ্দীপনার সঙ্গে একই ধরনের কর্মসূচি পালিত হচ্ছে।
পুরো যাত্রাটি সম্পূর্ণ স্বদেশী ধারণায় সাজানো। পথে থাকছে ১৫০টি বিষয়ভিত্তিক স্টপেজ, যেখানে প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সামাজিক সম্পৃক্ততার নানা আয়োজন রয়েছে। এছাড়া ১০টি প্রধান ‘সর্দার সভা’-য় বিশেষভাবে তুলে ধরা হবে বারদোলি সত্যাগ্রহ, সমবায় আন্দোলন এবং দেশীয় রাজ্যগুলির একীভবনের মতো ঐতিহাসিক ঘটনাবলী।
প্রতিদিন কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা পদযাত্রায় নেতৃত্ব দেবেন। প্রতিদিন গড়ে ১৫-১৮ কিলোমিটার পথ হাঁটার পাশাপাশি অংশগ্রহণকারীরা দেখতে পাবেন ঐক্যের বার্তায় তৈরি শিল্পকর্ম এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির প্রদর্শনী।
এই ঐতিহাসিক পদযাত্রা কেবল ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ ও ‘আত্মনির্ভর ভারত’-এর বার্তাই ছড়িয়ে দিচ্ছে না, সর্দার প্যাটেলের আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এক মাইলফলক হয়ে উঠছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version