সাব্রুমে ৩০০ ইউনিট ব্লাড সেন্টার ও ৫০ শয্যার আয়ুষ হাসপাতাল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

2 Min Read
নিউজ ডেস্ক || সাব্রুম মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে আজ দুটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন ও একটি ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও সম্প্রসারিত হল বলে তিনি জানান। অনুষ্ঠানে একটি রক্তদান শিবিরে ৩০ জন রক্তদান করেন।
মুখ্যমন্ত্রী বলেন, “উন্নয়ন মানে মানুষের জন্য কাজ করা। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা।” তিনি জানান, রাজ্যে সরকারি ১২টি ও বেসরকারি ২টি ব্লাড সেন্টার রয়েছে এবং ৬টি সেন্টারে প্লাজমা ও অন্যান্য উপাদান আলাদা করা হচ্ছে। ধীরে ধীরে স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটছে, যার ফলে বহিরাজ্যে চিকিৎসার জন্য যাওয়ার প্রবণতা কমছে। তিনি উল্লেখ করেন, জিবিপি হাসপাতালে ২৫০ কোটি টাকা ব্যয়ে সুপার স্পেশালিটি বিভাগ চালু হয়েছে এবং এমবিবিএস আসন ৩৫০-এ উন্নীত করা হয়েছে।
অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, বর্তমান সরকারের আমলে জেলা থেকে গ্রামীণ স্তর পর্যন্ত স্বাস্থ্য পরিষেবার উন্নতি হয়েছে। সাব্রুম আয়ুষ হাসপাতালটি ৬ কোটি ২২ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে, যেখানে আয়ুর্বেদ, যোগা ও হোমিওপ্যাথির চিকিৎসা এক ছাদের তলায় পাওয়া যাবে।
এই প্রকল্পগুলি রাজ্যে মেডিক্যাল ও এডুকেশনাল হাব গড়ে তোলার অংশ। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সকলের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। এই উদ্যোগগুলি ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষকে উন্নত চিকিৎসা প্রদানে সহায়ক হবে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version