প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ছয় দফা দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার আগরতলার বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিল হন বহু বিদ্যুৎ গ্রাহক। বিদ্যুৎ পরিষেবার নানা সমস্যার দ্রুত সমাধানের দাবিতে তারা স্লোগান দেন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সংগঠনের সচিব সঞ্জয় চৌধুরী অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (TSECL)-এর সার্ভার ডাউন থাকায় প্রিপেইড বিদ্যুৎ গ্রাহকরা রিচার্জ করতে পারছেন না। এর ফলে বহু গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিশু, প্রবীণ ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে বলেও তিনি দাবি করেন।
বিক্ষোভকারীরা তেলিয়ামুড়ায় বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, আন্দোলনকারীদের ওপর অযথা বলপ্রয়োগ করা হয়েছে। ওই ঘটনার কারণে গ্রাহকদের মানসিক ও শারীরিক ক্ষতির জন্য TSECL-এর কাছে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তোলা হয়।
এছাড়াও, রাজ্যের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলা ঘন ঘন লোডশেডিং, লো-ভোল্টেজ সমস্যা এবং বিদ্যুৎ পরিষেবার অবনতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। অবিলম্বে সার্ভার সমস্যা সমাধান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পরিষেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে তারা কর্তৃপক্ষের কাছে ছয় দফা দাবি পেশ করেন।
দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
