নিউজ ডেস্ক || গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) এবং বিএসএফ-এর যৌথ বাহিনী সীমান্ত সংলগ্ন বড় বাঘাই এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে। এই অভিযানে অবৈধভাবে সীমান্ত পার করে আনা ছয়টি গবাদি পশু উদ্ধার করা হয় এবং এক পাচারকারীকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে গবাদি পশু পাচারের পরিকল্পনার নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর যৌথ বাহিনী দ্রুত অভিযানে নামে। অভিযানকালে গরুগুলো জব্দ করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে খোয়াই থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় খোয়াই থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে সীমান্ত পাচার রোধ করা যায়।
