নিউজ ডেস্ক || দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিধায়ক অভিষেক দেবরায়। তিনি বর্তমান সভাপতি রাজীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হলেন।
মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা দিল্লিতে অবস্থানকালে দলের সর্বভারতীয় নেতৃত্ব এই ঘোষণা করে। দায়িত্ব গ্রহণের পর অভিষেক দেবরায় সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ও মুখ্যমন্ত্রী ড. মানিক সাহাসহ দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নতুন সভাপতি বলেন, “বিজেপি একটি সর্বব্যাপী ও সর্বস্পর্শী দল। সমাজ পরিবর্তনের লক্ষ্যে আমরা কাজ করি। আমার প্রধান অগ্রাধিকার হবে দলের আদর্শকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়া, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা।”
তিনি রাজ্যবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “সেলফ লাস্ট, নেশন ফাস্ট” — নিজের স্বার্থের ঊর্ধ্বে দেশকে স্থান দিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলার কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অভিষেক দেবরায় জানান, দলের ভিত্তি মজবুত করতে বুথ স্তর এবং পৃষ্ঠা প্রমুখদের শক্তিশালী করা হবে তাঁর প্রথম ও প্রধান কাজ। তিনি স্পষ্ট করে বলেন, সর্বভারতীয় নেতৃত্বের দেওয়া সব নির্দেশিকা ও গাইডলাইন মেনেই সংগঠন চালানো হবে।
২০২৮ সালের বিধানসভা নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনই রণকৌশল নিয়ে মন্তব্য করা তাড়াহুড়ো হবে। দলীয় কমিটি গঠন ও বিস্তারিত পর্যালোচনার পর দিল্লির নির্দেশ অনুযায়ী সবকিছু নির্ধারণ করা হবে।”
