আগরতলা, ২৯ জুন: রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর (ARD), তপশীলী জাতি কল্যাণ দপ্তর (SC Welfare) এবং মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ চিন্তন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রী সুধাংশু দাসের অধীনস্থ এই তিনটি দপ্তরের সমন্বয়ে আয়োজিত বৈঠকে বিগত অর্থবর্ষ ২০২৫-২৬-এর কাজের পর্যালোচনা, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সরকারি প্রকল্পগুলির সুফল যাতে আরও দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
গত এক বছরে মাঠপর্যায়ে বিভিন্ন সূচকে সেরা পারফরম্যান্স করা অফিসার ও কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়। তাঁদের কাজের স্বীকৃতি ও অন্যান্য কর্মীদের উৎসাহিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আধিকারিকদের মূল্যায়নের ক্ষেত্রে বাজেটের দ্রুত ও সঠিক বাস্তবায়ন, নির্ধারিত সময়ের মধ্যে জনকল্যাণমূলক প্রকল্পের সফল রূপায়ণ এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার দক্ষতাকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়াতে পুরো কার্যপ্রণালীকে ধাপে ধাপে ডিজিটাল মাধ্যমে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়। এর আওতায় প্রতি মাসের কাজের অগ্রগতির রিপোর্ট অনলাইনেই নথিভুক্ত করা হবে, যাতে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হয়।
বৈঠকে অংশগ্রহণকারী আধিকারিকদের উদ্দেশে জনকল্যাণমূলক প্রকল্পগুলির দ্রুত ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
