হলদিয়ায় ন্যাপথা পাইপলাইন লিক, ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আহত বহু, বন্ধ রেল চলাচল

2 Min Read

ভোররাতে পাইপলাইন ফেটে ছড়ায় ন্যাপথা; আগুনে পুড়ল ঘরবাড়ি, ঝলসে গেলেন শ্রমিকরা, তদন্তে প্রশাসন

হলদিয়ায় ভোররাতের নিস্তব্ধতা ভেঙে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা নাগাদ হলদিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকায় হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা বহনকারী একটি পাইপলাইন আচমকা লিক করে। অভিযোগ, পাইপলাইন থেকে বেরিয়ে আসা দাহ্য ন্যাপথার জেরেই মেছেদা রেললাইনের সংযোগস্থলের কাছে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে একাধিক শ্রমিক গুরুতরভাবে ঝলসে যান। পাশাপাশি আগুনের তীব্রতায় পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়ি ও ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে যাঁদের অবস্থা আশঙ্কাজনক ছিল, তাঁদের তমলুক মেডিকেল কলেজ এবং কলকাতার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই দুর্ঘটনার জেরে হাওড়া–হলদিয়া শাখায় লোকাল ট্রেন চলাচল সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে যাত্রীদের ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়।

ঘটনাস্থল থেকে প্রায় আধ কিলোমিটার দূরেই ফায়ার স্টেশন থাকায় দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দীর্ঘক্ষণ চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলী। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী থাকার প্যান্ডেল এবং দু’বেলার খাবারের ব্যবস্থা করা হবে।

এদিকে, কী কারণে পাইপলাইন লিক করল এবং রক্ষণাবেক্ষণে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায় নির্ধারণ করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version