“১০ জুন থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফুটবলের মহারণ, প্রথমবার মাঠে নামছে এডিসি দল

1 Min Read

রাজ্যের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। আগামী ১০ জুন থেকে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত ফুটবল লীগ প্রতিযোগিতা। আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের লীগের সমস্ত ম্যাচ।

এবারের আসরে মোট ১৪টি ক্লাব অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো এই লিগে অংশ নিচ্ছে এডিসি (ADC) দল। নতুন এই দলের অন্তর্ভুক্তি ফুটবল মহলে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

বুধবার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অংশগ্রহণকারী ক্লাবগুলোর কর্মকর্তাদের উপস্থিতিতে লটারির মাধ্যমে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়। ১৪টি দলকে এ-গ্রুপ ও বি-গ্রুপে সাতটি করে দলে বিভক্ত করে লীগের সূচি নির্ধারণ করা হয়েছে।

লীগ কমিটির সম্পাদক তপন সাহা জানান, আগামী ৭ জুনের মধ্যে সকল অংশগ্রহণকারী ক্লাবকে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আবেদন জানানো হয়েছে।

ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন (টিএফএ) আশাবাদী, এই প্রতিযোগিতার মাধ্যমে রাজ্যের ফুটবলে নতুন প্রতিভার উত্থান ঘটবে এবং খেলোয়াড়রা নিজেদের দক্ষতা প্রমাণের আরও বড় সুযোগ পাবে। ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে এবারের লীগ জমজমাট হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version