তপশিলী জাতির উন্নয়নে ১০০% সুবিধা পৌঁছে দিতে স্টেট লেভেল রিভিউ মিটিং, নতুন অর্থবছরের রূপরেখা নির্ধারণ
তপশিলী জাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন এবং সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে দ্রুত ও শতভাগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হলো দপ্তরের গুরুত্বপূর্ণ স্টেট লেভেল রিভিউ মিটিং। বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকবৃন্দ এবং বিভিন্ন জেলার সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।
সভায় ২০২৫-২৬ অর্থবছরে দপ্তরের বিভিন্ন প্রকল্পের সাফল্য ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি বাস্তবায়নের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলি সামনে এসেছে, সেগুলির সমাধানে করণীয় নিয়েও আলোচনা হয়।
মন্ত্রী জানান, এটি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম স্টেট লেভেল রিভিউ মিটিং। নতুন অর্থবছরে সরকারের বাজেট বরাদ্দ এবং দপ্তরের নির্ধারিত লক্ষ্যমাত্রাগুলি কীভাবে দ্রুত ও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যেই এই বৈঠকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রূপরেখা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, তপশিলী জাতি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে দপ্তর অঙ্গীকারবদ্ধ। সরকারি প্রকল্পের সুবিধা যেন প্রকৃত উপভোক্তাদের কাছে ১০০ শতাংশ সেচুরেশন মোডে পৌঁছে যায়, সেই লক্ষ্যকে সামনে রেখেই আগামী দিনে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করা হবে।
