সংগঠনের মূল ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীর সার্কিট হাউস এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কম্পিউটার শিক্ষকরা। হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনকারীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, মানববন্ধন শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি পাঠানো হবে। দীর্ঘদিন ধরে উত্থাপিত দাবিগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তাঁরা জানান।
এই আন্দোলনে কম্পিউটার শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে “ঠেকা মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ”। সংগঠনের সহযোগিতায় কম্পিউটার শিক্ষকেরা তাঁদের নিজস্ব দাবি-দাওয়ার পাশাপাশি রাজ্যের বিভিন্ন অংশের শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলিও তুলে ধরেন।
সংগঠনের নেতারা বলেন, ৩ দফা দাবি সরকারের নজরে আনার জন্য এর আগেও তাঁরা প্রেস কনফারেন্স, বিক্ষোভ, পথসভা এবং র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। কিন্তু বারবার দাবি জানানো সত্ত্বেও সরকার কার্যকর উদ্যোগ না নেওয়ায় তাঁরা পুনরায় মানববন্ধনের মতো গণতান্ত্রিক আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
আন্দোলনকারীরা দ্রুত তাঁদের দাবিগুলোর প্রতি ইতিবাচক সাড়া দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
