এনডিএ জোটের পরিষদীয় বৈঠকে সিদ্ধান্ত, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় ভরসা
নিউজ ডেস্ক || ত্রিপুরা বিধানসভার শূন্যপদ অধ্যক্ষ নির্বাচনে এনডিএ জোটের পরিষদীয় দলের বৈঠকে বাগমা বিধায়ক রামপদ জমাতিয়ার নাম প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে তাঁর নাম চূড়ান্তভাবে সুপারিশ করা হয়।
মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জানান, পরিষদীয় দলের বৈঠকে রামপদ জমাতিয়ার নাম অধ্যক্ষ পদে প্রস্তাবিত হয়েছে। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নিষ্ঠা ও নেতৃত্বগুণ আগামী দিনে বিধানসভার কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর করে তুলবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে রামপদ জমাতিয়াকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতের সাফল্য কামনা করেছেন।
একই সঙ্গে বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, এনডিএ জোটের পরিষদীয় দলের বৈঠকে রামপদ জমাতিয়ার নাম অধ্যক্ষ পদে প্রস্তাব করা হয়েছে। তিনি রামপদ জমাতিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্ব পালনে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। রাজীব ভট্টাচার্য বলেন, তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা বিধানসভার কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।
প্রসঙ্গত, অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণের পর এই পদ শূন্য হয়। তখন থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল দায়িত্ব পালন করে আসছিলেন। রামপদ জমাতিয়া একজন প্রবীণ জনজাতি নেতা ও বিজেপি বিধায়ক।
