2 Min Read

গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে খোয়াই জেলায় চালু হলো আধুনিক ও স্বাস্থ্যসম্মত শুকনো মাছ (শুটকি) উৎপাদন কেন্দ্র। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন (TRLM)-এর আর্থিক সহায়তায় গড়ে ওঠা এই উদ্যোগ গ্রামীণ নারীদের আত্মনির্ভরতার পথে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অর্পনা সিংহ রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শুকনো মাছ উৎপাদনকারী কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক অবিদানন্দ বৈদ্য, মৎস্য দপ্তরের উপ-অধিকর্তা বিজয়কান্তি ঘোষ, খোয়াই ব্লকের বিডিওসহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ‘দীনদয়াল উপাধ্যায় শুটকি মাছ উৎপাদনকারী’ নামে একটি স্বনির্ভর গোষ্ঠীর ৩০ জন মহিলা সদস্য মিলে এই প্রডিউসার গ্রুপ (PG) গঠন করেছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা এই কেন্দ্রের মাধ্যমে বৈজ্ঞানিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে শুকনো মাছ উৎপাদন এবং বাজারজাতকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

উদ্বোধনের দিন সদস্যদের হাতে-কলমে প্রশিক্ষণ ও প্রদর্শনীর মাধ্যমে আধুনিক পদ্ধতিতে শুটকি উৎপাদনের কৌশল শেখানো হয়। পাশাপাশি উৎপাদিত পণ্য কীভাবে বাজারে পৌঁছে দেওয়া যাবে এবং ব্যবসায়িকভাবে সফল হওয়া যাবে, সে সম্পর্কেও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, রাজ্য সরকার মহিলাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। গ্রামীণ নারীদের এই উদ্যোগ সেই প্রচেষ্টারই একটি উজ্জ্বল উদাহরণ। তাঁদের মতে, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বহু মহিলাকে স্বনির্ভর হওয়ার পথে অনুপ্রাণিত করবে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version