মন্ত্রী রতনলাল নাথকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ, বাম আমলের হিংসার ইতিহাস তুলে সিপিআইএমকে পাল্টা আক্রমণ সুব্রত চক্রবর্তীর
বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ত্রিপুরায়। বর্ষীয়ান মন্ত্রী রতনলাল নাথকে নিয়ে জিতেন্দ্র চৌধুরীর ব্যবহৃত ভাষার তীব্র প্রতিবাদ জানাল প্রদেশ বিজেপি। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, দলের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত চক্রবর্তী বলেন, একজন বর্ষীয়ান মন্ত্রীকে নিয়ে জিতেন্দ্র চৌধুরী যে ধরনের অশালীন ও অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন, তা গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী। তাঁর মতে, এই ধরনের শব্দপ্রয়োগ স্বৈরাচারী মানসিকতা ও হতাশার বহিঃপ্রকাশ। সাতবারের বিধায়ক এবং বিরোধী দলনেতার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিন বামফ্রন্টের ৩৫ বছরের শাসনকাল নিয়েও সরব হন বিজেপির মুখ্য প্রবক্তা। ১৯৯১ সালের শ্যামহরি শর্মা হত্যা, পঞ্চায়েত নির্বাচনে হিংসা, ছাপ্পা ভোট, ব্যালট ছিনতাই, বিরোধীদের উপর আক্রমণ এবং সংবাদমাধ্যমের উপর চাপ সৃষ্টির মতো বিভিন্ন অভিযোগ তুলে সিপিআইএমকে নিশানা করেন তিনি।
সুব্রত চক্রবর্তীর দাবি, অতীতের হিংসার ইতিহাস ভুলে গিয়ে এখন বিজেপিকে গণতন্ত্রের পাঠ দিচ্ছে সিপিআইএম। জনসমর্থন হারানোর কারণেই বিরোধীরা এই ধরনের মন্তব্য করছেন বলেও কটাক্ষ করেন তিনি।
মন্ত্রী রতনলাল নাথকে নিয়ে অশালীন মন্তব্যের জন্য জিতেন্দ্র চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানান সুব্রতবাবু। পাশাপাশি বামফ্রন্টের শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য রাজ্যবাসীর কাছেও সিপিআইএমের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার নির্বাচনের দিন এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতনলাল নাথকে কটাক্ষ করে তাঁকে ‘গণতন্ত্রের জল্লাদ’ বলে মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ওই মন্তব্যের প্রতিবাদে শনিবার মোহনপুরে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং জিতেন্দ্র চৌধুরীর কুশপুতুল দাহ করা হয়।
এবার প্রদেশ বিজেপির সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি ক্ষমা চাওয়ার দাবি ওঠায় রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান