ইউরোপের বিস্তৃত অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে পারে সম্ভাব্য চুক্তি, যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শীঘ্রই শান্তি চুক্তি হতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, এই চুক্তি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমগ্র ইউরোপকে অন্তর্ভুক্ত করতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, কূটনৈতিক প্রচেষ্টা সম্ভাব্য সমঝোতার দিকে এগোচ্ছে।
শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মানবিক উদ্যোগের প্রশংসা করেন তিনি। মস্কো ও কিয়েভের মধ্যে যোগাযোগ স্থাপনে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের বিষয়টিও নিশ্চিত করেন ট্রাম্প। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।
যুদ্ধের ভয়াবহ মানবিক ক্ষয়ক্ষতির প্রসঙ্গ তুলে ট্রাম্প দাবি করেন, রাশিয়া ও ইউক্রেন মিলিয়ে প্রতি মাসে প্রায় ২৫ হাজার মানুষের প্রাণহানি ঘটছে। এই পরিস্থিতিতে যুদ্ধের অবসান হওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান