ঢাকের বাদ্যি, বর্ণময় আলোকসজ্জা ও প্রতিমার আকর্ষণে শুরু দুর্গোৎসব, কলকাতা থেকে জেলায় জেলায় উৎসবের আমেজ।
মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল শারদীয়া দুর্গাপুজোর উৎসব। উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। শহর কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায় সেজে উঠেছে বর্ণময় পুজোমণ্ডপ। প্রতিমার শিল্পসুষমা, নজরকাড়া আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে চারদিকে ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ।
মণ্ডপে মণ্ডপে ঢাকের আওয়াজের সঙ্গে দেবী দুর্গার দর্শনে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। কলকাতার মেট্রো স্টেশনগুলিতেও দেখা যাচ্ছে যাত্রীদের ব্যাপক ভিড়। পার্শ্ববর্তী জেলাগুলি থেকেও বহু মানুষ কলকাতায় আসছেন। তাঁদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে থিমের পুজোর পাশাপাশি বনেদি বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজো।
শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও চোখধাঁধানো মণ্ডপ ও আলোকসজ্জা দর্শনার্থীদের আকৃষ্ট করছে। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে পুজো উপভোগ করতে পথে নামছেন মানুষ।
দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, সম্প্রীতি, ঐক্য ও মিলনেরও প্রতীক। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের বার্তা নিয়ে মহাষষ্ঠীতে শুরু হল বাঙালির প্রাণের উৎসব।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান