৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সংসদে উপস্থিত থাকতে তিন লাইনের হুইপ জারি অমোল কোহলের, ডিলিমিটেশন বিল নিয়ে শাসকপক্ষকে সমর্থনের সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা।
সংসদের আসন্ন বিশেষ অধিবেশনকে সামনে রেখে নিজেদের লোকসভা সাংসদদের জন্য তিন লাইনের হুইপ জারি করল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদচন্দ্র পাওয়ার) বা NCP (SP)। আগামী ৩০ নভেম্বর থেকে লোকসভায় সাংসদদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দলের চিফ হুইপ অমোল কোহলে এই নির্দেশিকা জারি করেছেন।
হুইপে বলা হয়েছে, ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কাজকর্ম ও আলোচনা হতে চলেছে। তাই দলের সমস্ত লোকসভা সদস্যকে কোনওরকম ব্যতিক্রম ছাড়াই সংসদে উপস্থিত থাকতে এবং দলের অবস্থানকে সমর্থন করতে অনুরোধ করা হচ্ছে।
NCP (SP)-র এই হুইপ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে ডিলিমিটেশন বিল নিয়ে দলটি কেন্দ্রের সরকারকে সমর্থন করতে পারে বলে আলোচনা চলছে।
দলের কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে অবশ্য এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। তাঁর বক্তব্য, দেশের সমস্ত রাজ্যে লোকসভার আসন সমান অনুপাতে ৫০ শতাংশ বৃদ্ধি করা হলে তাঁর দল এই প্রস্তাব বিবেচনা করতে পারে।
বর্তমানে লোকসভায় NCP (SP)-র আটজন সাংসদ রয়েছেন। ফলে আসন্ন বিশেষ অধিবেশনে দলের অবস্থান এবং ডিলিমিটেশন সংক্রান্ত প্রস্তাব নিয়ে তাদের ভূমিকা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তবে হুইপ জারি হওয়ার অর্থ এই নয় যে দল ইতিমধ্যেই ডিলিমিটেশন বিলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে চূড়ান্ত অবস্থান কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান