বিধানসভায় একমাত্র UDP বিধায়ক হিসেবে রইলেন মেটবাহ লিংডো, দলের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ ঠিক করবে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
মেঘালয়ের রাজনৈতিক মহলে বড়সড় পরিবর্তন। মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্স (MDA) সরকারের মন্ত্রিসভা থেকে অবিলম্বে পদত্যাগ করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (UDP)-র সভাপতি মেটবাহ লিংডো। তাঁর দলের ১২ জন বিধায়কের মধ্যে ১১ জনের দল ছাড়ার পরই এই সিদ্ধান্ত নেন তিনি।
নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে মেটবাহ লিংডো বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের অভ্যন্তরে সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও জানান তিনি।
১১ জন বিধায়কের দলত্যাগের ফলে মেঘালয় বিধানসভায় UDP-র একমাত্র বিধায়ক হিসেবে রয়ে গেলেন মেটবাহ লিংডো। দলের আগামী রাজনৈতিক কর্মপন্থা কী হবে, তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব ও পদাধিকারীদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেবে UDP-র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
তাঁর পদত্যাগের পিছনে কোনও রাজনৈতিক চাপ রয়েছে বলে যে জল্পনা তৈরি হয়েছে, তা খারিজ করে দিয়েছেন মেটবাহ লিংডো। তিনি স্পষ্ট জানিয়েছেন, কারও চাপে নয়, বরং সমস্ত দিক বিবেচনা করেই সম্পূর্ণ স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
UDP-র অধিকাংশ বিধায়কের দলত্যাগ এবং দলের সভাপতির মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর ঘটনায় মেঘালয়ের রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান