পতিত ও অনাবাদী জমিকে কৃষিকাজের আওতায় এনে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে জোলাইবাড়ীতে শুরু হয়েছে পাম অয়েল চাষের উদ্যোগ। জোলাইবাড়ী কৃষি ও উদ্যানপালন দপ্তরের উদ্যোগে উত্তর জোলাইবাড়ী এলাকার স্থানীয় কৃষক বিজয় শঙ্কর ভৌমিকের ১.৩৩ হেক্টর পতিত জমিতে পাম অয়েলের চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার এই পাম অয়েল বাগান পরিদর্শন করেন রাজ্য সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি ও উদ্যানপালন দপ্তরের আধিকারিক এবং স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা। পরিদর্শনের সময় তাঁরা চাষের অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
দপ্তরের উদ্যোগের অন্যতম লক্ষ্য হল দীর্ঘদিন ধরে পড়ে থাকা অনাবাদী জমিকে উৎপাদনশীল করে তোলা। এর মাধ্যমে কৃষকদের জন্য বিকল্প ও স্থায়ী আয়ের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে পাহাড়ি ও ঢালু এলাকায় পাম অয়েল গাছের চাষ ভূমিক্ষয় ও বর্ষার সময় মাটি ধসের প্রবণতা কমাতেও সহায়ক হতে পারে বলে জানানো হয়েছে।
সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কৃষি সহায়তার মাধ্যমে এলাকার কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকদের উৎসাহিত করে পতিত জমিকে কৃষি উৎপাদনের আওতায় আনার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে সরকারের।
জোলাইবাড়ীর এই উদ্যোগ সফল হলে আগামী দিনে আরও পতিত জমিতে পাম অয়েল চাষ সম্প্রসারণের পাশাপাশি কৃষকদের আয়ের নতুন দিগন্ত খুলে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান