আগামী ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং নির্বাচনী রণকৌশল নির্ধারণে উচ্চপর্যায়ের বৈঠক করল বিজেপি। বৈঠকে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি জেলা সভাপতি, মণ্ডল সভাপতি এবং বিধায়করাও উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সংগঠন মহামন্ত্রী বি. এল. সন্তোষ, উত্তর-পূর্ব ভারতের প্রভারী সম্বিত পাত্র এবং সহকারী প্রভারী রাজদীপ রায়।
বৈঠকের শুরুতেই বিভিন্ন স্তরের কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। আসন্ন কর্মসূচি এবং নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
বিজেপির রাজ্য প্রভারী রাজদীপ রায় জানান, দলের বিভিন্ন স্তরের কার্যকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। আসন্ন কর্মসূচি ও নির্বাচন নিয়ে বৈঠকে মতবিনিময় হবে বলেও জানান তিনি। একইসঙ্গে নির্বাচনী জোটের বিষয়েও আলোচনা চলছে এবং উপযুক্ত সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে ইঙ্গিত দেন তিনি।
অন্যদিকে, প্রদেশ বিজেপির পক্ষ থেকে ভিলেজ কাউন্সিল নির্বাচনের প্রস্তুতি এবং সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নির্বাচনের আগে দলীয় সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত করে ভোটের ময়দানে নামাই বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এই পরিস্থিতিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান