Friday, September 11, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে বিজেপি-তিপ্রা মথার রুদ্ধদ্বার বৈঠক, অনুপস্থিত আইপিএফটি

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে বিজেপি-তিপ্রা মথার রুদ্ধদ্বার বৈঠক, অনুপস্থিত আইপিএফটি

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে বিজেপি-তিপ্রা মথার রুদ্ধদ্বার বৈঠক, অনুপস্থিত আইপিএফটি

ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে শাসক জোটের অন্দরে ফের তৎপরতা শুরু হয়েছে। আসন সমঝোতা ও নির্বাচনী কৌশল নিয়ে বৃহস্পতিবার আগরতলার সরকারি অতিথিশালায় দ্বিতীয় দফায় রুদ্ধদ্বার বৈঠকে বসে বিজেপি ও তিপ্রা মথার শীর্ষ নেতৃত্ব।

বৈঠকে মূলত ভিলেজ কমিটির আসন ভাগাভাগি এবং নির্বাচনী ময়দানে দুই দলের মধ্যে সমন্বয় কীভাবে আরও সুসংহত করা যায়, তা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। মনোনয়নপত্র জমা ও বাছাইপর্ব শেষ হওয়ার পর, মনোনয়ন প্রত্যাহারের ঠিক আগের দিন এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, দলের রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং বিধায়ক প্রমোদ রিয়াং। অন্যদিকে তিপ্রা মথার পক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী বৃষকেতু দেববর্মা, এডিসির সিইএম অনিমেশ দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ-সহ দলের শীর্ষ নেতৃত্ব।

তবে শাসক জোটের অন্যতম শরিক আইপিএফটির কোনো প্রতিনিধি বৈঠকে উপস্থিত না থাকায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। জোটের গুরুত্বপূর্ণ নির্বাচনী বৈঠকে আইপিএফটির অনুপস্থিতির কারণ কী, তা নিয়েও প্রশ্ন উঠছে।

ভিলেজ কমিটি নির্বাচনের আগে বিজেপি ও তিপ্রা মথার এই ধারাবাহিক বৈঠককে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আসন সমঝোতা এবং পারস্পরিক নির্বাচনী সমন্বয়ের মাধ্যমে শাসক জোট কতটা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়াই করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha