লেম্বুছড়াস্থিত ত্রিপুরা কলেজ অফ ফিশারিজের ২৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো আজ। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে একটি পৃথক মৎস্য বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উচ্চশিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে পৃথক মৎস্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে মৎস্য শিক্ষা, গবেষণা এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্র আরও শক্তিশালী হবে। তাঁর বক্তব্যে উঠে আসে শিক্ষা ও বাস্তব জীবনের সমস্যার মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তাও। জ্ঞান, গবেষণা, প্রযুক্তি এবং উদ্ভাবনকে সমন্বিত করে মৎস্য ক্ষেত্রে একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রাজ্যের মৎস্যজীবী সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন এবং মাছ উৎপাদনে ত্রিপুরাকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার ক্ষেত্রেও মৎস্য শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন মন্ত্রী। একইসঙ্গে উন্নত ভারত গড়ার লক্ষ্য পূরণে মৎস্য ক্ষেত্রের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম (RAS) এবং ফিশ সিড রিয়ারিং ইউনিটের উদ্বোধন করেন। পাশাপাশি ছাত্রদের হোস্টেল ভবনের সম্প্রসারিত অংশেরও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে 'বার্ষিক কলেজ সপ্তাহ-২০২৬'-এর সাহিত্য, ক্রীড়া, সাংস্কৃতিক ও সামগ্রিক কার্যক্রমে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' এবং 'অ্যাকাডেমিক এক্সিলেন্স' বিভাগেও পুরস্কার প্রদান করা হয়।
২০২৫-২৬ সালে বিভিন্ন ক্ষেত্রে পেশাগত সাফল্য ও অবদানের জন্য মোট ৩৯ জন কৃতি প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়। এছাড়া ICAR AIEEA (PG)-২০২৬ পরীক্ষায় কলেজের শীর্ষ দুই স্থানাধিকারীকে 'প্রফেসর জে. আর. ধানজে মেমোরিয়াল অ্যাওয়ার্ড' প্রদান করা হয়।
জাতীয় স্তরের ICAR AIEEA (PG)-২০২৬ পরীক্ষায় ফিশারিজ সায়েন্সে সর্বভারতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী এস. দিনেশ সিংকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক রতন কুমার সাহা, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিশেষ সচিব এস. প্রভু, লেম্বুছড়া কলেজ অফ এগ্রিকালচারের অধ্যক্ষ অধ্যাপক দেবাশিস সেন-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
কলেজের ডিন প্রফেসর অরুণ ভাই প্যাটেল প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করা বিশিষ্ট অতিথি, শিক্ষক-শিক্ষিকা, কর্মী, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ফিশারিজ কলেজের আধিকারিক এম. সঞ্জু সিংয়ের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান