Saturday, October 10, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য ত্রিপুরায় বাতিল ২০২১ সালের বিতর্কিত বিজ্ঞাপন নীতি, সংশোধিত নীতিতে স্বস্তি সংবাদমাধ্যমের

ত্রিপুরায় বাতিল ২০২১ সালের বিতর্কিত বিজ্ঞাপন নীতি, সংশোধিত নীতিতে স্বস্তি সংবাদমাধ্যমের

ত্রিপুরায় বাতিল ২০২১ সালের বিতর্কিত বিজ্ঞাপন নীতি, সংশোধিত নীতিতে স্বস্তি সংবাদমাধ্যমের

ত্রিপুরার সংবাদমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। ২০২১ সালের বিতর্কিত ও একপেশে বিজ্ঞাপন নীতি বাতিল করে নতুন সংশোধিত বিজ্ঞাপন নীতি ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সরকারি বিজ্ঞাপন প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বঞ্চনার অভিযোগ তোলা সংবাদমাধ্যমগুলি নতুন করে আশার আলো দেখছে।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে নতুন সংশোধিত নীতির কথা ঘোষণা করে জানান, সংবাদমাধ্যমের বাস্তব পরিস্থিতি ও প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই এই নীতি সংশোধন করা হয়েছে। নতুন ব্যবস্থায় বড়, মাঝারি ও ছোট—সব ধরনের সংবাদমাধ্যমের স্বার্থ রক্ষা এবং বিজ্ঞাপন বণ্টনের ক্ষেত্রে বৈষম্য কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন নীতিতে সংবাদমাধ্যমের বিভিন্ন শর্তেও শিথিলতা আনা হয়েছে। ছাপা সংবাদপত্রের ক্ষেত্রে প্রচার সংখ্যার শর্ত শিথিল করা হয়েছে। একইভাবে বৈদ্যুতিন সংবাদমাধ্যম ও ওয়েব মিডিয়ার ক্ষেত্রে দর্শকসংখ্যা এবং সম্প্রচার এলাকার নির্দিষ্ট শর্তেও পরিবর্তন আনা হয়েছে। এর ফলে বিভিন্ন স্তরের সংবাদমাধ্যমের সরকারি বিজ্ঞাপন পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

সংশোধিত নীতিতে সংবাদমাধ্যমগুলিকে বড়, মাঝারি ও ছোট—এই তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি শ্রেণির জন্য পরিকাঠামো, প্রয়োজনীয় সাংবাদিকের সংখ্যা, ভিডিও এডিটর এবং দৈনিক লাইভ সংবাদ সম্প্রচারের মতো বিষয়গুলির নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।

রাজ্য সরকারের এই উদ্যোগ সংবাদমাধ্যমের মধ্যে প্রতিযোগিতার পরিবেশ আরও স্বচ্ছ ও বাস্তবসম্মত করে তুলতে পারে। বিশেষ করে ছোট ও আঞ্চলিক সংবাদমাধ্যমগুলির ক্ষেত্রে এই সংশোধিত নীতি কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর থাকবে।

সরকারি বিজ্ঞাপন বণ্টনে স্বচ্ছতা, সমান সুযোগ এবং সংবাদমাধ্যমের স্বাধীন বিকাশের ক্ষেত্রে নতুন নীতি কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তা আগামী দিনে স্পষ্ট হবে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha