মহালয়ার পুণ্য প্রভাতে শনিবার আগরতলার কলেজ টিলায় চোখে পড়ল মানুষের ব্যাপক ভিড়। দেবীপক্ষের সূচনাকে ঘিরে ভোরের হিমেল বাতাসে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন আট থেকে আশি—সব বয়সের মানুষ। প্রতিবছরের মতো এবারও মহালয়ার সকালে কলেজ টিলায় পরিলক্ষিত হলো এক পরিচিত অথচ প্রাণবন্ত ছবি।
ভোরের স্নিগ্ধ পরিবেশে হাঁটতে বেরিয়ে অনেকেই উপভোগ করেন মহালয়ার বিশেষ আবহ। কারও কাছে এটি প্রাতঃভ্রমণের অভ্যাস, আবার কারও কাছে শারদীয় উৎসবের সূচনালগ্নকে আপন করে নেওয়ার এক বিশেষ মুহূর্ত। দেবীপক্ষের আগমনে মানুষের মনে ইতিমধ্যেই শুরু হয়েছে দুর্গাপূজার আনন্দ ও উচ্ছ্বাস।
হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই ঢাকে কাঠি পড়বে, আলোর রোশনাই আর উৎসবের রঙে সেজে উঠবে শহর থেকে গ্রাম। দুর্গাপূজাকে সামনে রেখে গোটা রাজ্যজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন পূজামণ্ডপে দ্রুতগতিতে এগিয়ে চলেছে প্যান্ডেল নির্মাণ ও সাজসজ্জার কাজ।
মহালয়ার পুণ্য প্রভাতে কলেজ টিলার এই জনসমাগম যেন স্পষ্ট করে দিল, শারদোৎসবের প্রতীক্ষায় এখন থেকেই উৎসবের মেজাজে মেতে উঠেছে ত্রিপুরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান