মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার হাত ধরে পরিকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ, শহরের বাণিজ্যিক পরিসর সম্প্রসারণে আশাবাদী প্রশাসন
খোয়াইয়ের পরিকাঠামোগত উন্নয়নে নতুন সংযোজন। প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। পাশাপাশি, ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য একটি বহুতল বাণিজ্যিক ভবন ও পার্কিং কমপ্লেক্সের ভূমিপূজনও করেন তিনি। এই প্রকল্পগুলির মাধ্যমে খোয়াইয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে খোয়াই শহরের সুভাষপার্ক বইমেলা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। চারা গাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। একই সঙ্গে ১৫ কোটি টাকা ব্যয়ে বহুতল বাণিজ্যিক ভবন ও পার্কিং কমপ্লেক্স নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
প্রস্তাবিত বহুতল বাণিজ্যিক ভবন ও পার্কিং কমপ্লেক্সটি খোয়াই শহরের বাণিজ্যিক পরিকাঠামো সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে শহরের ব্যবসায়িক পরিসর আরও প্রসারিত হওয়ার পাশাপাশি যানবাহন পার্কিংয়ের সমস্যার সমাধানেও সহায়তা মিলতে পারে। নতুন এই পরিকাঠামো শহরের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা সংশ্লিষ্ট মহলের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা সমিত রায় চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, জেলাশাসক রজত পন্থ, জেলা পুলিশ সুপার ভোগতি জগদেশ্বর রেড্ডি, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, মুখ্য সচেতক কল্যাণী রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
খোয়াইয়ের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন ও নতুন পরিকাঠামো নির্মাণের উদ্যোগকে শহরের ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান