Tuesday, November 3, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য বক্সনগরে বিএসএফ-গ্রামবাসী সংঘর্ষ, গ্রেফতার ৯

বক্সনগরে বিএসএফ-গ্রামবাসী সংঘর্ষ, গ্রেফতার ৯

বক্সনগরে বিএসএফ-গ্রামবাসী সংঘর্ষ, গ্রেফতার ৯

সিপাহীজলা জেলার বক্সনগরে বিএসএফ জওয়ান ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় মঙ্গলবার পর্যন্ত ৬ জন পুরুষ ও ৩ জন মহিলা-সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত সোমবার সকালে আসাবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় পাচার সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিএসএফ জওয়ানদের বচসা শুরু হয়। একপর্যায়ে বিএসএফ জওয়ানের লাঠির আঘাতে এক স্থানীয় বাসিন্দা আহত হন বলে অভিযোগ।

এর প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা বক্সনগর-রহিমপুর সড়ক অবরোধ করেন। পরবর্তীতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ও অন্যান্য জওয়ান ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা তাঁদের উপর হামলা চালায় এবং বিএসএফের গাড়িতে ভাঙচুর করে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে স্পষ্ট করেন, নিরাপত্তাকর্মীদের উপর কোনও ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, ঘটনার পর বক্সনগর এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha