আগরতলা পুরনিগম নির্বাচন ঘিরে একাধিক অভিযোগ বামেদের। প্রার্থীদের প্রচারে বাধা, হুমকি ও প্রচারসামগ্রী নষ্টের অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ দাবি।
আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এরই মধ্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার দাবিতে সদর মহকুমা শাসকের দ্বারস্থ হলো সিপিআই(এম)-এর সদর মহকুমা কমিটি। বুধবার সদর মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে সদর এসডিএম মানিক লাল দাসের হাতে স্মারকলিপি তুলে দেন দলের নেতৃত্বরা।
এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা অমল চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীদের বাড়ি বাড়ি প্রচারে বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি দলীয় পতাকা, পোস্টার, ফ্লেক্স ও ব্যানার নষ্ট করার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেছে সিপিআই(এম)। এমনকি প্রার্থী, প্রস্তাবক এবং দলীয় কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তোলা হয়েছে।
শুধু রাজনৈতিক কর্মীরাই নন, সাধারণ ভোটারদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দলটি। বিশেষ করে মহিলা ও প্রবীণ নাগরিকরা যাতে কোনও ধরনের ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এছাড়াও আগরতলা শহরের বিভিন্ন ট্রাফিক আইল্যান্ড ও ঐতিহ্যবাহী স্থানে রাজনৈতিক দলের পতাকা এবং প্রচারসামগ্রী লাগানোর বিষয়েও আপত্তি জানিয়েছে সিপিআই(এম)। আদর্শ নির্বাচনী আচরণবিধি মেনে এই সমস্ত প্রচারসামগ্রী সরিয়ে ফেলার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপির মাধ্যমে নির্বাচনী প্রচারে নিরাপত্তা নিশ্চিত করা, হুমকি ও বাধা প্রদানের অভিযোগগুলি তদন্ত করা এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে কার্যকর করার জন্য প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছে সিপিআই(এম)-এর সদর মহকুমা কমিটি।
এখন দেখার, বিরোধী দলের তরফে উত্থাপিত এই অভিযোগগুলির পরিপ্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান