গভীর রাতে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত দোকানের সামগ্রী, মালিকের দাবি প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।
শনিবার গভীর রাতে আগরতলার দুর্গা চৌমুহনী বাজার সংলগ্ন প্রধান সড়কের পাশে অবস্থিত ‘সহায়ক’ নামক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে দোকানের বিপুল পরিমাণ সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে গোটা বাজার এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জানা যায়, শনিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ দোকানের বাইরে থেকে আগুন দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নজরে আসতেই দ্রুত দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। তবে আগুনের তীব্রতায় দোকানের ভিতরে থাকা একাধিক মূল্যবান সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
দোকানের মালিক রাজেশ দাসের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার সামগ্রী নষ্ট হয়েছে। দোকানের শাটার বন্ধ থাকায় ভিতরে থাকা দুটি জেরক্স মেশিন, দুটি কম্পিউটার প্রিন্টার, একাধিক ফ্রিজসহ বিভিন্ন জরুরি সামগ্রী আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
শুধু সামগ্রীই নয়, দোকানে রাখা প্রায় ২৫ হাজার টাকা নগদ অর্থও আগুনে পুড়ে যায়। যদিও কিছু কয়েন এবং আংশিক পুড়ে যাওয়া নোট উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
এদিকে, কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনও বুঝে উঠতে পারছেন না দোকানের মালিক। আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
হঠাৎ এই অগ্নিকাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী রাজেশ দাস। ঘটনার পর থেকেই দুর্গা চৌমুহনী বাজার সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান