সীমান্ত পরিস্থিতি, স্বাস্থ্য সংক্রান্ত প্রশাসনিক বিষয় ও তিপ্রামথার উত্থাপিত দাবি নিয়ে আলোচনার ইঙ্গিত। ভোটের ফলাফল ঘিরে রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রীর।
একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নিতে দিল্লি সফরে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। তবে সেই বৈঠক এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই।
দিল্লি সফরকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে সীমান্ত পরিস্থিতি-সহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত প্রশাসনিক বিষয় এবং তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনের উত্থাপিত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনার ইঙ্গিত দিয়েছেন তিনি।
সরকারি কর্মসূচির পাশাপাশি সময় ও সুযোগ পেলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, ভোট গণনাকে সামনে রেখে পরশুদিনের মধ্যেই ত্রিপুরায় ফিরে আসার চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, সদ্য সমাপ্ত পুর ও স্থানীয় নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। আগরতলা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল, নেতৃত্ব এবং দলীয় কর্মীদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন চলাকালীন দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলিকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে। ভোটের ফলাফলকে কেন্দ্র করে কোনও রাজনৈতিক দল বা কর্মী-সমর্থক যেন অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ না করেন, সেই আবেদনও জানান তিনি।
সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরকে ঘিরে একদিকে যেমন রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে ভোট-পরবর্তী সময়ে ত্রিপুরায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান