সাধারণ মানুষের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ করতে রাজ্য সরকার আগরতলার মহারাজ বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর, বাধারঘাট রেল স্টেশন এবং যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি পরিষেবা চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এই পরিষেবা চালু হলে যাত্রীরা মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই ট্যাক্সি বুক করতে পারবেন এবং নির্ধারিত ভাড়ায় নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার সচিবালয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সম্ভাব্য পরিষেবার কাঠামো, প্রয়োজনীয় পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা, ভাড়া নির্ধারণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পক্ষ থেকে অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি পরিষেবা চালুর দাবি উঠছিল। সেই দাবি বিবেচনায় নিয়ে পরিবহন দপ্তর আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রী আরও জানান, পরিষেবাটি চালু হলে যাত্রীদের যাতায়াত আরও সুশৃঙ্খল হবে, ভাড়ায় স্বচ্ছতা আসবে এবং বিমানবন্দর ও রেলস্টেশন থেকে গন্তব্যে পৌঁছানো আরও সহজ হবে।
উচ্চপর্যায়ের বৈঠকে পরিবহন মন্ত্রীর পাশাপাশি পরিবহন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, পুলিশের আইজি, পশ্চিম জেলার জেলা শাসক, জেলা পুলিশ সুপার, ট্রাফিক পুলিশ সুপার এবং বিভিন্ন পরিবহন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাজ্য সরকারের এই উদ্যোগকে নগর পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরীক্ষামূলক পর্যায় সফল হলে ভবিষ্যতে রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও এই অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি পরিষেবা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান