ত্রিপুরায় আগামী ২৪ ঘণ্টায় ফের সক্রিয় হতে পারে বর্ষার দাপট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ত্রিপুরা ও উনকোটি জেলার এক-দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বাইরে থাকাকালীন গাছপালা, বিদ্যুতের খুঁটি এবং খোলা জায়গা থেকে দূরে থাকার পরামর্শ রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ৯ ও ১০ আগস্ট রাজ্যের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। এরপর ১০ থেকে ১৩ আগস্ট বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে। তবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।
এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সরাসরি ত্রিপুরার জন্য বড় ধরনের বিপদের কারণ না হলেও এর প্রভাবে রাজ্যে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।
বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার বিশেষ পতন হচ্ছে না। আগামী কয়েকদিনে রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ফলে বৃষ্টির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান