ধলাই জেলার জেলা শাসকের কার্যালয়ে একটি সামগ্রিক উন্নয়নমূলক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। সভায় জেলার বিভিন্ন দপ্তরের চলমান জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
পর্যালোচনা সভায় পূর্ত, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, সামাজিক ভাতা, সীমান্ত সুরক্ষা, আইন-শৃঙ্খলা এবং পানীয় জল সরবরাহসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতের কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছ থেকে প্রকল্পগুলির বর্তমান পরিস্থিতি ও বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন মুখ্যমন্ত্রী।
সভায় মুখ্যমন্ত্রী চলমান উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার পাশাপাশি কাজের গুণমান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি যাতে না হয়, সেদিকেও সংশ্লিষ্ট আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী আরও নির্দেশ দেন, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও পরিষেবা যেন স্বচ্ছতার সঙ্গে নির্দিষ্ট সময়ে সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে যায়। এ জন্য জেলাস্তরের আধিকারিকদের নিয়মিত তদারকি ও মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় জেলার সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করতে আন্তঃদপ্তর সমন্বয় জোরদার করারও বার্তা দেওয়া হয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং সরকারি পরিষেবা প্রদানে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান