ত্রিপুরা বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে পুরো অধিবেশন থেকে বরখাস্ত করলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। সোমবার অধিবেশন চলাকালীন বিধানসভার ভিতরে তাঁর আচরণকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অধিবেশনের তৃতীয় তথা অন্তিম দিনে বিভিন্ন ইস্যুতে বিরোধী বিধায়কদের প্রতিবাদের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে অধিবেশন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানান অধ্যক্ষ।
অধ্যক্ষের নির্দেশের পর বিধানসভার নিরাপত্তারক্ষীরা সুদীপ রায় বর্মণকে কক্ষের বাইরে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে তার আগেই তিনি নিজেই অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
সুদীপ রায় বর্মণকে অধিবেশন থেকে বরখাস্ত করার ঘটনাকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে। তাঁর সমর্থনে অন্যান্য বিরোধী বিধায়করাও প্রতিবাদ জানান এবং পরবর্তীতে কংগ্রেস ও বাম বিধায়করা অধিবেশন বয়কট করে ওয়াকআউট করেন।
চলতি অধিবেশনের শেষ দিনেই একজন বিরোধী বিধায়ককে পুরো অধিবেশনের জন্য বরখাস্ত করার ঘটনা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। অধ্যক্ষের এই সিদ্ধান্তকে ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।
বিধানসভায় দিনের শুরু থেকেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে শেষ দিনের কার্যক্রম চললেও, সুদীপ রায় বর্মণের বরখাস্তের ঘটনাই এদিনের অন্যতম আলোচিত বিষয় হয়ে ওঠে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান