Wednesday, September 2, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য বিধানসভায় ফের উত্তেজনা, পুরো অধিবেশন থেকে বহিষ্কার সুদীপ রায় বর্মণ

বিধানসভায় ফের উত্তেজনা, পুরো অধিবেশন থেকে বহিষ্কার সুদীপ রায় বর্মণ

বিধানসভায় ফের উত্তেজনা, পুরো অধিবেশন থেকে বহিষ্কার সুদীপ রায় বর্মণ

বিধানসভায় অসংসদীয় আচরণ এবং বারবার অধিবেশনের কাজে ব্যাঘাত ঘটানোর অভিযোগে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে সোমবারের পুরো অধিবেশনের জন্য বহিষ্কার করা হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া ৩৩০ ধারার অধীনে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

অধ্যক্ষের অভিযোগ, বিধানসভার কার্যক্রম চলাকালীন সুদীপ রায় বর্মণ বারবার অধিবেশনের কাজে বিঘ্ন ঘটান। একইসঙ্গে অধ্যক্ষকে উদ্দেশ্য করে তিনি যে ধরনের অপমানজনক ও অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন, তা কোনোভাবেই বিধানসভার শৃঙ্খলা ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানান অধ্যক্ষ।

বিধানসভায় শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন রামপদ জমাতিয়া। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের সদস্যদের মত প্রকাশের পূর্ণ অধিকার রয়েছে, তবে সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রে সংসদীয় রীতি ও শালীনতা বজায় রাখা আবশ্যক।

সুদীপ রায় বর্মণের বহিষ্কারের সিদ্ধান্ত ঘিরে বিধানসভায় রাজনৈতিক উত্তেজনাও নতুন মাত্রা পায়। ভবিষ্যতে অধিবেশনে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন অধ্যক্ষ।

বিধানসভা সূত্রে স্পষ্ট, অধিবেশনের মর্যাদা ও কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবার থেকে অসংসদীয় আচরণের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে চলেছে অধ্যক্ষের আসন।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha