Saturday, September 26, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য সাংবাদিকদের রক্তদান ও স্বাস্থ্য শিবির সমাজের প্রতি দায়িত্ববোধের প্রতিচ্ছবি: মুখ্যমন্ত্রী

সাংবাদিকদের রক্তদান ও স্বাস্থ্য শিবির সমাজের প্রতি দায়িত্ববোধের প্রতিচ্ছবি: মুখ্যমন্ত্রী

সাংবাদিকদের রক্তদান ও স্বাস্থ্য শিবির সমাজের প্রতি দায়িত্ববোধের প্রতিচ্ছবি: মুখ্যমন্ত্রী

সংবাদমাধ্যম সমাজের অতন্দ্র প্রহরী, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। সাংবাদিকদের রক্তদানের মতো সেবামূলক উদ্যোগ সমাজকে নতুন দিশা দেখাবে। এই উদ্যোগ সমাজের প্রতি তাঁদের দায়িত্ববোধেরই প্রতিচ্ছবি। শনিবার আগরতলার তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অ্যাসেম্বলি অব জার্নালিস্ট আয়োজিত মেগা রক্তদান ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের মতো মহৎ কাজ আর কিছু হতে পারে না। 'মানুষ মানুষের জন্য'—এই মানবিক ভাবনারই প্রতিফলন ঘটে রক্তদানের মাধ্যমে। রক্তের অভাবে যাতে কোনও রোগীকে সমস্যায় পড়তে না হয়, তার জন্য এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা প্রয়োজন। রক্তদান সম্পর্কে যত বেশি মানুষকে সচেতন করা যাবে, স্বেচ্ছায় রক্তদানে তত বেশি মানুষ এগিয়ে আসবেন।

মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে ইতিমধ্যেই ১৪টি ব্লাড ব্যাঙ্ক গড়ে তোলা হয়েছে। সাংবাদিকদের কল্যাণে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রতি যথেষ্ট সংবেদনশীল। সাংবাদিকদের পারিবারিক পেনশন এক হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের চিকিৎসার নিশ্চয়তা দিতে তাঁদের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হচ্ছে। সংবাদমাধ্যমের বিভিন্ন সমস্যা সমাধানেও রাজ্য সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাংবাদিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নিজেদের আপডেট রাখতে হবে এবং পেশাগত উৎকর্ষতা বাড়াতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে জনকল্যাণমূলক কাজগুলিও গুরুত্ব সহকারে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, রাজ্যের সাংবাদিকরা অন্যান্য রাজ্যের সাংবাদিকদের তুলনায় কোনওভাবেই পিছিয়ে নেই। স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এই মহতী উদ্যোগ গ্রহণের জন্য অ্যাসেম্বলি অব জার্নালিস্টকে অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সাংবাদিকদের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সরকারি কাজের ত্রুটি-বিচ্যুতি যেমন সংবাদমাধ্যমের মাধ্যমে তুলে ধরতে হবে, তেমনই রাজ্য সরকারের ভালো কাজগুলিও মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন।

এদিন অ্যাসেম্বলি অব জার্নালিস্টের পক্ষ থেকে হাসপাতালের রোগীদের ব্যবহারের জন্য পাঁচটি হুইলচেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্যে এবং দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন অ্যাসেম্বলি অব জার্নালিস্টের সম্পাদক সানিত দেবরায়। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সহ-সভাপতি দীবাকর দেবনাথ।

অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা রক্তদান শিবির এবং প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিদর্শন করেন। পাশাপাশি রক্তদাতা ও প্রবীণ নাগরিকদের সঙ্গে মতবিনিময়ও করেন মুখ্যমন্ত্রী।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha