স্বাভাবিকের তুলনায় ২–৪ ডিগ্রি বেশি থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা, মূলত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস।
মহাষষ্ঠীতে ত্রিপুরাজুড়ে রোদেলা আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও মাঝে মাঝে মেঘের দেখা মিলছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় উত্তর ত্রিপুরা, ধলাই, গোমতী, সিপাহীজলা এবং দক্ষিণ ত্রিপুরার এক-দুটি স্থানে হালকা বা ছিটেফোঁটা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে কোথাও বৃষ্টি হবেই, এমন কোনও নিশ্চিত পূর্বাভাস নেই।
অন্যদিকে, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত রাজ্যের সব জেলায় মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার সময় গরমের কারণে সমস্যায় পড়তে পারেন দর্শনার্থীরা।
এদিকে, দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায়পর্ব শুরু হওয়ায় ত্রিপুরায় বৃষ্টির সম্ভাবনাও কিছুটা কমেছে। এই পরিস্থিতিতে পুজোর আনন্দ উপভোগ করতে বেরোনোর সময় পর্যাপ্ত জল পান করা এবং রোদের মধ্যে দীর্ঘক্ষণ থাকা এড়িয়ে চলা ভালো।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান