বাণিজ্য, প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি ও মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে জোর; বৈঠকের পর একাধিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা।
ভারত ও পোল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে নয়াদিল্লিতে বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করবেন দুই নেতা। বৈঠক শেষে একাধিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিন দিনের ভারত সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তাঁর সঙ্গে রয়েছেন পোল্যান্ডের অর্থ ও অর্থনীতি মন্ত্রী আন্দ্রেজ ডোমানস্কি এবং একটি বৃহৎ ব্যবসায়িক প্রতিনিধি দল। পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর দ্বিতীয় ভারত সফর।
শুক্রবার সকালে ভারতের বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজমাধ্যমে একটি পোস্টে জয়শঙ্কর জানান, বিভিন্ন ক্ষেত্রে ভারত-পোল্যান্ড সহযোগিতা আরও গভীর করার বিষয়ে টাস্কের সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের জন্যও তিনি আগ্রহ প্রকাশ করেন।
ভারত সফরের অংশ হিসেবে পোল্যান্ডের প্রধানমন্ত্রী রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
নয়াদিল্লির কর্মসূচি শেষে ডোনাল্ড টাস্ক বেঙ্গালুরু সফর করবেন। সেখানে তথ্যপ্রযুক্তি ও মহাকাশ ক্ষেত্র-সহ বিভিন্ন শিল্পের ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে তাঁর মতবিনিময়ের কথা রয়েছে।
এই সফরের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, উদীয়মান প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা, সংস্কৃতি এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলির মধ্যে পোল্যান্ড ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। বর্তমান সফর ভারত-পোল্যান্ড কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান