গোমতী জেলা হাসপাতাল ও ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালের সম্প্রসারণ, তৈরি হবে পাবলিক হেলথ ইউনিট
রাজ্যবাসীর কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে স্বাস্থ্য পরিকাঠামোর সম্প্রসারণে অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে জেলা ও রেফারেল হাসপাতাল—বিভিন্ন স্তরে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।
উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে গোমতী জেলা হাসপাতালের সম্প্রসারণ, ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালের সম্প্রসারণ এবং একটি পাবলিক হেলথ ইউনিটের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। প্রকল্পগুলির জন্য ঘোষিত ব্যয়ের পরিমাণ মোট ১৮৯ কোটি টাকা।
প্রকল্পগুলির মধ্যে ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালের সম্প্রসারণে ৪৬ কোটি ৪০ লক্ষ টাকা, গোমতী জেলা হাসপাতালের সম্প্রসারণে ১৪২ কোটি টাকা এবং পাবলিক হেলথ ইউনিট নির্মাণে ৬০ লক্ষ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এমবিবিএস, বিডিএস ও নার্সিং শিক্ষার আসনসংখ্যা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন জেলা হাসপাতাল এবং আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে শয্যাসংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, এই উদ্যোগের ফলে রাজ্যের বাইরে চিকিৎসার জন্য রোগী পাঠানোর সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমেছে।
উন্নত চক্ষু চিকিৎসার জন্য আগরতলায় আইএলএস হাসপাতালের পাশে একটি আধুনিক চক্ষু হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা এবং রোগ নির্ণয়ের সুবিধার কথাও তুলে ধরেন তিনি।
উদয়পুরের উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যগত দিক থেকে এই শহরের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রসাদ প্রকল্পের আওতায় ত্রিপুরেশ্বরী মন্দিরের সৌন্দর্যায়ন, একান্ন শক্তিপীঠের প্রতিরূপ নির্মাণ, তেপানিয়ায় আয়ুর্বেদিক কলেজ চালু এবং শহরের সৌন্দর্যায়নের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। আগরতলা, ধর্মনগর ও উদয়পুরে স্যাটেলাইট টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, হাসপাতালগুলির সম্প্রসারণের ফলে রোগীরা আরও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, জেলাশাসক রিংকু লাথের-সহ অন্যান্য আধিকারিকরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান