২ ডিসেম্বর থেকে বাড়তে পারে শীতের দাপট, শুকনো থাকবে দিনের আবহাওয়া
কয়েক দিনের টানা বৃষ্টির পর অবশেষে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে ত্রিপুরায়। রাজ্যের আটটি জেলাতেই গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল শূন্য মিলিমিটার। পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, খোয়াই, গোমতী, দক্ষিণ ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি ও ধলাই—সব জেলাতেই আপাতত বৃষ্টির বিরতি।
এদিকে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। আগের দিনের তুলনায় প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬.৫ ডিগ্রিতে। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১ ডিগ্রি বেশি। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি হলেও আগের দিনের তুলনায় দিনের তাপমাত্রা কমেছে ১.২ ডিগ্রি।
জেলা ভিত্তিক তাপমাত্রার পরিসংখ্যানে দেখা গেছে, রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কৈলাশহরে। অন্যদিকে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আগরতলায়।
আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজ্যে ধীরে ধীরে শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। বিশেষ করে রাত ও ভোরের দিকে বাড়ছে ঠান্ডার অনুভূতি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর নাগাদ শীতের অনুভূতি আরও জোরালো হতে পারে।
আগরতলা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দিনের আবহাওয়া শুষ্কই থাকবে। ফলে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও রাতের তাপমাত্রার পরিবর্তনের দিকে নজর থাকবে আবহাওয়াপ্রেমীদের।
সব মিলিয়ে, বৃষ্টির বিরতি দিয়ে ত্রিপুরায় এবার ধীরে ধীরে শীতের আগমনী বার্তা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান