নিউজ ডেস্ক || আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (TTAADC) নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উদ্যোগে আয়োজিত মহা যোগদান সভায় ১৩৩৬টি পরিবারের মোট ৩১৮৯ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। রবীন্দ্র ভবন হলে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, “জনজাতিদের জন্য সত্যিকারের উন্নয়ন করবে ভারতীয় জনতা পার্টি। সংবিধানের ১২৫তম সংশোধন, TTAADC-তে ৫০টি আসন এবং টেরিটোরিয়াল কাউন্সিল গঠনের মতো বিষয়ে ইতিবাচক ভূমিকা নিতে পারবে একমাত্র বিজেপি।” তিনি আরও উল্লেখ করেন, “রাজতন্ত্রের দিন শেষ। গণতন্ত্র চলছে। এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক সুড়সুড়ি ছাড়া তিপ্রা মথার কাছে আর কিছু নেই। ADC-র দুরবস্থা দেখেই বোঝা যায় তাদের মধ্য থেকে মুখ্যমন্ত্রী হলে রাজ্যের কী পরিস্থিতি হবে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, সংবিধানের ১২৫তম সংশোধনী ষষ্ঠ তফসিলভুক্ত এলাকায় স্বশাসনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আনা হয়েছে। বর্তমানে TTAADC-তে ২৮টি আসন রয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে আগামী নির্বাচনী রাজনীতির গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এই যোগদান এবং ঘোষণা TTAADC নির্বাচনে বিজেপির প্রস্তুতিকে আরও মজবুত করবে বলে রাজনৈতিক মহলের ধারণা। জনজাতি অধ্যুষিত এলাকায় প্রশাসনিক ক্ষমতায়ন ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন মোড় নিতে পারে এই ঘটনা।
