ত্রিপুরার ধলাই জেলাকে বিভক্ত করে কমলপুরকে কেন্দ্র করে একটি নতুন জেলা গঠনের দাবিতে আন্দোলন আরও তীব্র করার ঘোষণা দিয়েছে ‘ধলাই জেলা বিভক্তি আন্দোলন কমিটি’। রবিবার আয়োজিত এক বৈঠকে কমিটি আগামী ৩০ দিনের কর্মসূচি ঘোষণা করে জানায়, জনস্বার্থে এই দাবি বাস্তবায়নে ধারাবাহিকভাবে গণআন্দোলন চালিয়ে যাওয়া হবে।
আন্দোলন কমিটির দাবি, প্রস্তাবিত নতুন জেলার অন্তর্ভুক্ত করা হোক কমলপুর, দুর্গাচৌমুহনী, সালেমা এবং লংতরাই ভ্যালির একটি অংশকে। তাদের মতে, এই অঞ্চলগুলোকে নিয়ে নতুন জেলা গঠন করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে এবং সাধারণ মানুষ সহজেই সরকারি পরিষেবা লাভ করতে পারবেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ধলাই জেলার দুই বিধায়ক মনোজকান্তি দেব এবং স্বপ্না দাস পালের কাছে তথ্য-পরিসংখ্যান সমৃদ্ধ স্মারকলিপি প্রদান করা হবে। পাশাপাশি তাঁদের কাছে অনুরোধ জানানো হবে যাতে বিষয়টি যথাযথভাবে ত্রিপুরা সরকারের কাছে উত্থাপন করেন।
এছাড়াও অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, আইনজ্ঞ এবং সমাজসেবীদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের পরামর্শ ও সমর্থন নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সমগ্র আন্দোলনের কার্যক্রম পরিচালনার জন্য একটি বিশেষ সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে।
আন্দোলন কমিটির বক্তব্য, বর্তমান জেলা সদর অনেক দূরে হওয়ায় সাধারণ মানুষকে প্রতিনিয়ত নানা প্রশাসনিক কাজে ভোগান্তির শিকার হতে হচ্ছে। নতুন জেলা গঠিত হলে প্রশাসনিক পরিষেবার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং কর্মসংস্থানের সুযোগ আরও দ্রুত ও সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে বলে তাদের বিশ্বাস। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে কমিটি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান