ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে ধলাই জেলার আমবাসাস্থিত জেলা স্পোর্টস হলে আয়োজিত রাজ্যভিত্তিক আন্তঃস্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ বছর ও ১৭ বছর বয়সী বালক-বালিকা বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতার আজ ছিল চূড়ান্ত দিন।
রাজ্যের আটটি জেলা থেকে মোট ১৬০ জন প্রতিযোগী এই রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের খেলোয়াড়রা নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি জাতীয় স্তরে রাজ্যের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে লড়াই করেন।
প্রতিযোগিতা শেষে অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৭ বিভাগের বালক ও বালিকা—প্রতিটি বিভাগ থেকে সাতজন করে মোট ২৮ জন খেলোয়াড়কে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। পরবর্তী বাছাইপর্বের মাধ্যমে তাঁদের মধ্য থেকে চূড়ান্তভাবে ২০ জন খেলোয়াড় জাতীয় স্তরের প্রতিযোগিতায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।
সমাপ্তি অনুষ্ঠানে ক্রীড়া দপ্তরের আধিকারিকরা নির্বাচিত খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং জাতীয় স্তরে তাঁরা ভালো ফলাফল করে ত্রিপুরার নাম উজ্জ্বল করবেন বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে আগামী দিনে রাজ্যের স্কুলস্তরে ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে আরও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষে বিজয়ী ও কৃতী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শেষ হয় রাজ্যভিত্তিক এই আন্তঃস্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান