হরমনপ্রীতের হ্যাটট্রিকে দুরন্ত জয় ভারতের! টানা চতুর্থ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সেমিফাইনালে ভারতীয় দল।
পাঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত নবম হিরো এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। গতকাল মালয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করে টানা চতুর্থ জয় তুলে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল টিম ইন্ডিয়া।
ভারতের জয়ের পিছনে বড় ভূমিকা পালন করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। দুরন্ত পারফরম্যান্সে হ্যাটট্রিক করেন তিনি। দুটি পেনাল্টি কর্নার এবং একটি পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন ভারত অধিনায়ক। মাঠে তাঁর দক্ষতা ও নেতৃত্ব আবারও নজর কাড়ে।
উল্লেখযোগ্য বিষয়, ম্যাচের আগে ভারত ও মালয়েশিয়া উভয় দলই অপরাজিত ছিল। তবে গতকালের ম্যাচে ভারতের কৌশল, দক্ষতা এবং উপস্থিত বুদ্ধির কাছে হার মানতে হয় আক্রমণাত্মক হকি খেলা মালয়েশিয়াকে।
এদিনের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে পরাজিত করে দক্ষিণ কোরিয়া। এটি বাংলাদেশের টানা চতুর্থ হার। অন্যদিকে, চিন ও জাপানের মধ্যে দিনের দ্বিতীয় লিগ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
এদিনের ফলাফলের পর চ্যাম্পিয়নশিপের চার সেমিফাইনালিস্টের নামও নিশ্চিত হয়েছে। ভারত ও মালয়েশিয়া আগেই শেষ চারে জায়গা করে নিয়েছিল। এবার জাপান ও দক্ষিণ কোরিয়াও সেমিফাইনালে পৌঁছেছে। অন্যদিকে, সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়া চিন ও বাংলাদেশ পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।
আজকের সূচি অনুযায়ী, ভারত খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। এছাড়া চিন মুখোমুখি হবে বাংলাদেশের এবং জাপান খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে।
সব মিলিয়ে টানা চার জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ভারতীয় শিবির। এবার নজর সেমিফাইনাল ও শিরোপা ধরে রাখার লড়াইয়ে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান