অনলাইনে শিশুদের সুরক্ষায় প্রযুক্তিগত নজরদারি ও কঠোর নিয়ন্ত্রণের পাশাপাশি স্কুলের পাঠ্যক্রমে ডিজিটাল নিরাপত্তা শিক্ষার ওপর জোর শীর্ষ আদালতের।
ইন্টারনেটে শিশুদের যৌন শোষণ ও নির্যাতনসংক্রান্ত আপত্তিকর বিষয়বস্তু শনাক্ত করে দ্রুত সরিয়ে ফেলতে আরও শক্তিশালী প্রযুক্তিগত ব্যবস্থা এবং নিয়ন্ত্রক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এ ধরনের কনটেন্ট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রুখতে একটি সমন্বিত জাতীয় ডেটাবেস তৈরির নির্দেশ দিয়েছে বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে ভি চন্দ্রনের বেঞ্চ।
২০২৪ সালে এ বিষয়ে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইন্টারনেটে শিশুদের যৌন শোষণ ও নির্যাতনসংক্রান্ত বিষয়বস্তু ছড়িয়ে পড়ার ঘটনা অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। এই ধরনের কনটেন্ট শনাক্তকরণ এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে তা অপসারণের প্রক্রিয়া আরও কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছে বেঞ্চ।
আদালতের পর্যবেক্ষণ, শুধু প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থা গড়ে তুললেই শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে শিশুদের সচেতন করে তোলা এবং নিরাপদে ইন্টারনেট ব্যবহারের উপযুক্ত শিক্ষা দেওয়াও অত্যন্ত জরুরি।
এই উদ্দেশ্যে স্কুলের মূল পাঠ্যক্রমে ডিজিটাল নিরাপত্তা এবং বয়সোপযোগী অনলাইন সচেতনতা শিক্ষাকে অন্তর্ভুক্ত করার ওপর জোর দিয়েছে সুপ্রিম কোর্ট। ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) এবং রাজ্যগুলির সংশ্লিষ্ট শিক্ষা ও গবেষণা সংস্থাকে শিশু মনোবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং অভিভাবকত্ব বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এই শিক্ষাসামগ্রী প্রস্তুত করতে বলা হয়েছে।
পাশাপাশি, প্রয়োজনীয় নির্দেশিকা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) এবং তথ্যপ্রযুক্তি বিধিতে সংশোধন আনার জন্য কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং আইন ও বিচার মন্ত্রকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আগামী ১০ ডিসেম্বর, ২০২৬-এ মামলার পরবর্তী শুনানি। তার আগে নির্দেশগুলি বাস্তবায়নের ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা বিস্তারিতভাবে জানিয়ে কেন্দ্রীয় সরকারকে হলফনামা জমা দিতে হবে।
শিশুদের অনলাইন সুরক্ষা নিশ্চিত করা, ক্ষতিকর কনটেন্টের বিস্তার রোধ এবং ডিজিটাল পরিসরে শিশুদের নিরাপদ উপস্থিতি গড়ে তোলার ক্ষেত্রে এই নির্দেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান