ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে বন্যার আশঙ্কায় ৭ হাজারেরও বেশি মানুষকে সরানো হয়েছিল নিরাপদ আশ্রয়ে, পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন
ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে যাওয়ার খবরের পর বন্যার আশঙ্কা তৈরি হলেও বর্তমানে আলিপুরদুয়ারে সংকোশ নদীর জলস্তর বিপদসীমার নিচে রয়েছে। ফলে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে পরিস্থিতির উপর কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে যাওয়ার খবর সামনে আসার পর সংকোশ নদী সংলগ্ন এলাকায় সম্ভাব্য বন্যার আশঙ্কা তৈরি হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাতেই নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই অভিযানে ৭ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে ১৮টি ত্রাণ শিবিরে রাখা হয়। আলিপুরদুয়ার জেলার অসম সীমান্তবর্তী কুমারগ্রাম এলাকার ত্রাণ শিবিরগুলিতে প্রতিবেশী অসমের কয়েকজন বাসিন্দাও আশ্রয় নেন।
শুক্রবারও নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের একাংশ ত্রাণ শিবিরে ছিলেন। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় তাঁদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন।
প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য, শুক্রবার দুপুরে সংকোশ নদীর জলস্তর সামান্য বৃদ্ধি পেলেও তা এখনও বিপদসীমার নিচে রয়েছে। পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়নি। তবুও ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে বসবাসকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নদীর জলস্তরের উপর নিয়মিত নজর রাখা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান