বদ্রীনাথ ধাম থেকে দেরাদুন ফেরার পথে দুর্ঘটনা, চামোলি জেলার জোশীমঠের হাতি পর্বত এলাকায় ভেঙে পড়ে হেলিকপ্টার
উত্তরাখণ্ডে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটসহ প্রাণ হারালেন ৬ জন। শুক্রবার দুপুরে বদ্রীনাথ ধাম থেকে দেরাদুনের সহস্রধারা হেলিপ্যাডের উদ্দেশে যাওয়ার পথে চামোলি জেলার জোশীমঠ এলাকার ছাই গ্রামের উপরে হাতি পর্বতের পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টারটি ভেঙে পড়ে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন দপ্তরের সচিব বিনোদ কুমার সুমন জানিয়েছেন, দুপুর প্রায় ২টো নাগাদ দুর্ঘটনার খবর পাওয়া যায়। সেনাবাহিনীর একটি সিগন্যাল সেন্টারের দল ওই এলাকায় হেলিকপ্টার থেকে ধোঁয়া উঠতে দেখে। একই সঙ্গে হেলিকপ্টারটিকে দ্রুত নিচের দিকে নেমে আসতেও দেখা যায়। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাইলটসহ ছয়জনেরই মৃত্যু হয়েছে। যাত্রীরা সকলেই কর্ণাটকের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP), জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), পুলিশ এবং জেলা প্রশাসনের দল। শুরু হয় উদ্ধার ও ত্রাণ তৎপরতা।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যপাল ডা. ঢাল সিং বিসেন এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান