Friday, October 30, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ১,৫২০ জন উত্তীর্ণের মধ্যে ৭৬৬ জনের নিয়োগ, বাকি ৭৩৬ জনের নিয়োগের দাবিতে সরব বঞ্চিত চাকরিপ্রার্থীরা

নিয়োগের দাবিতে শুক্রবার আগরতলার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন টেট উত্তীর্ণ একাংশ বেকার যুবক-যুবতী। ২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী টেট উত্তীর্ণদের সকলকে নিয়োগের দাবি জানিয়ে তাঁরা রাস্তায় বসে প্রতিবাদ জানান।

আন্দোলনকারীদের অভিযোগ, ২০২০ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১,৫২০ জন টেট উত্তীর্ণ হলেও এখনও পর্যন্ত মাত্র ৭৬৬ জনকে নিয়োগ করা হয়েছে। তাঁদের দাবি, বাকি ৭৩৬ জন এখনও নিয়োগ থেকে বঞ্চিত রয়েছেন। শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে সকলকে একসঙ্গে নিয়োগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তাঁরা। কিন্তু বাস্তবে কেন পৃথকভাবে নিয়োগ প্রক্রিয়া চলছে, তা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা।

পাশাপাশি বয়সের ঊর্ধ্বসীমা অতিক্রম করে যাওয়া বা ওভার-এজ হয়ে যাওয়ার আশঙ্কা এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বাকি উত্তীর্ণদের চাকরির সুযোগ নিশ্চিত করার দাবি জানান বিক্ষোভকারীরা।

এদিকে, বিক্ষোভ চলাকালীন পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাঁদের টেনেহিঁচড়ে গাড়িতে তুলে এডিনগর পুলিশ লাইন মাঠে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। পুলিশের এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা টেট উত্তীর্ণদের এই বিক্ষোভকে কেন্দ্র করে এদিন শিক্ষা ভবন চত্বরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তাঁদের দাবি, বাকি ৭৩৬ জনের নিয়োগ নিয়ে সরকার দ্রুত স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করুক।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha