আটটি রাজনৈতিক দলের অংশগ্রহণে মিছিল ও সমাবেশ, নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে সরব বিরোধী নেতারা
সংবিধানের মর্যাদা রক্ষা, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া বাতিল এবং প্রত্যেক নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে শুক্রবার আগরতলায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করল ইন্ডিয়া জোটের ত্রিপুরা শাখা। এই কর্মসূচিতে আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক স্বার্থ রক্ষার চেষ্টা চলছে। তাঁর দাবি, নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য ভোটার তালিকা তৈরি করার চেষ্টা করছে বিজেপি সরকার। মুসলিম, তপশিলি সম্প্রদায়ের মানুষ, শ্রমিক, কৃষক, খেতমজুর, দিনমজুর এবং সরকারের নীতির বিরোধিতায় আন্দোলনকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, এই কর্মসূচি দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিগুলির ঐক্যের প্রতিফলন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষিত রাখা এবং বিরোধী দলের প্রার্থীরা যাতে বাধাহীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
অন্যদিকে, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন নির্বাচন কমিশন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, বিভিন্ন সাংবিধানিক ও তদন্তকারী প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনার নিয়োগের বর্তমান পদ্ধতি নিয়েও আপত্তি জানান তিনি।
সমাবেশ থেকে বক্তারা সংবিধান ও গণতান্ত্রিক অধিকার রক্ষার পাশাপাশি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার দাবি জানান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান