Friday, October 30, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য উন্নয়নের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, বিলোনিয়া সফরে মুখ্যমন্ত্রী

উন্নয়নের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, বিলোনিয়া সফরে মুখ্যমন্ত্রী

উন্নয়নের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, বিলোনিয়া সফরে মুখ্যমন্ত্রী

মুহুরী নদীর বাঁধ সংস্কার পরিদর্শন, পানীয় জল থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা

দক্ষিণ ত্রিপুরা জেলার সার্বিক উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে শুক্রবার বিলোনিয়া সফর করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এদিন সফরে তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, মাইলাফ্রু মগ, স্বপ্না মজুমদারসহ রাজ্য ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

সফরের শুরুতে মুখ্যমন্ত্রী বি সি নগর ব্লকের উত্তর বিলোনিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন মাঠে যান। সেখানে ২০২৪ সালের ভয়াবহ বন্যার পর মুহুরী নদীর বাঁধ সংস্কারের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। বাঁধের সংস্কার ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি, ইতিমধ্যে সম্পন্ন হওয়া কাজ এবং বাকি থাকা অংশ সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

এরপর বি সি নগর ব্লকের অধীনে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন সংক্রান্ত প্রদর্শনী পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। জেলা শাসক ও সমাহর্তা মহম্মদ সাজাদ পি প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়নের চিত্র তুলে ধরেন।

পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী পৌঁছান বিলোনিয়ার শচীন দেববর্মন অডিটোরিয়ামে। সেখান থেকে ভার্চুয়ালি দক্ষিণ ত্রিপুরা জেলার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, বন্যার হাত থেকে বিলোনিয়া শহরকে সুরক্ষিত রাখতে মুহুরী নদীর প্রায় ৩.০৫ কিলোমিটার দীর্ঘ বাঁধের উচ্চতা বৃদ্ধি ও প্রশস্তকরণ, সেচ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প এবং শহরবাসীর জন্য আধুনিক পানীয় জল সরবরাহ ব্যবস্থা।

এছাড়াও বিলোনিয়া বিদ্যাপীঠের জুডো হল সংস্কার করে আন্তর্জাতিক স্তরে স্বর্ণপদকজয়ী অস্মিতা দে-র নামে উৎসর্গ করা হয়েছে। বিলোনিয়া পুলিশ লাইন সংলগ্ন এলাকায় ভাস্কর্য ও ফোয়ারা নির্মাণ, দ্বিতল মেডিসিন স্টোর, সারাসীমায় খাদ্য প্রক্রিয়াকরণ ইনকিউবেশন সেন্টার, বিলোনিয়া থানার নতুন ভবন এবং বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের সঙ্গে ৫০ আসনবিশিষ্ট উপজাতি ছাত্রাবাস নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার উন্নয়নে রাজ্য সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে। আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলাকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে। সরকারের মূল লক্ষ্য জনগণকে পরিষেবা প্রদান করা এবং সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে বিলোনিয়ার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং এলাকার সামগ্রিক পরিকাঠামোর আরও অগ্রগতি ঘটবে।

মুখ্যমন্ত্রীর এই সফর ও একাধিক উন্নয়নমূলক প্রকল্পকে কেন্দ্র করে এদিন বিলোনিয়া শহরজুড়ে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha